খুঁজুন
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে…শাকিল উজ্জামান

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে…শাকিল উজ্জামান

কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান বলেছেন, গণঅধিকার পরিষদ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে রাজপথ থেকে গড়ে উঠা একটি সংগঠন। স্বৈরাচারী হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে গণমানুষের নায্য অধিকার আদায়ে দাবিতে গণঅধিকার পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রাম করে গেছে। শুক্রবার বিকেলে শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সদস্য সংগ্রহ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গতকাল গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় সারা দেশে গণঅধিকার পরিষদের একমাস ব্যাপী সদস্য সংগ্রহের কর্মসূচি ঘোষণা করা হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে সদস্য সংগ্রহ কর্মসূচি চলছে। সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে। মানুষের সারা দেখে বুঝা যাচ্ছে গণঅধিকার পরিষদ আজ গণমানুষের ভালোবাসার সংগঠনে পরিণত হয়েছে। গণঅধিকার পরিষদের প্রতীক ট্রাক মার্কার গণজোয়ার তৈরি হয়েছে।

গণঅধিকার পরিষদ সারাদেশে যে কোন অন্যায় অবিচার শোষণ বৈষম্যের বিরুদ্ধে সব সময় কাজ করে যাচ্ছে। আগামীতে গণঅধিকার পরিষদ জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে। সেই লক্ষ্যে গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, সহ সভাপতি রুবেল খান, আনিসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তরুণ টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম ফাহাদ ও সাধারণ সম্পাদক নবাব আলী, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তামান্না ইসলাম তরী প্রমুখ।

সখীপুরে মোবাইলে প্রেম, বিয়ের দুদিন পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সখীপুর সংবাদদাতা
প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
সখীপুরে মোবাইলে প্রেম, বিয়ের দুদিন পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের সখীপুরে বিয়ের দুদিন পর রিয়া আক্তার (১৯) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালীদাস ঠকানিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শনিবার (২৬ এপ্রিল) ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত রিয়া ওই এলাকার সৌদিপ্রবাসী নীরব মিয়ার সদ্য বিবাহিত স্ত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে সখীপুর উপজেলার কালীদাস ঠকানিয়াপাড়া গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী নীরব মিয়ার (২৭) সঙ্গে রাজবাড়ীর কালুখালী উপজেলার আমিরুল শাহর মেয়ে রিয়া আক্তারের ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠ। নীরব সৌদি আরব থাকা অবস্থাতেই রিয়া তার বাড়িতে আসা-যাওয়া শুরু করেন। ১৬ এপ্রিল নীরব মিয়া সৌদি আরব থেকে দেশে ফিরে সরাসরি রিয়ার বাড়িতে ওঠেন। বুধবার (২৩ এপ্রিল) পারিবারিকভাবে বিয়ে করে তারা সখীপুরে ফিরে আসেন।

শুক্রবার বিকেলে রিয়া তার বাবাকে স্বামীর বাড়ি থেকে বিদায় দিয়ে নিজের ঘরেই অবস্থান করছিলেন। হঠাৎ ভেতর থেকে দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করেন। তবে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। একপর্যায়ে বেড়া কেটে ঘরে প্রবেশ করলে ওই নববধূর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত রিয়ার স্বামীর পারিবারিক একটি সূত্র জানায়, নববধূ রিয়ার মা-বাবা পৃথক থাকেন। তাদের বিয়েতে বাবা রাজি থাকলেও মায়ের মত ছিল না। মায়ের সঙ্গে অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তামজিদ মোমেন তনয় টাঙ্গাইল রিপোর্ট ২৪কে বলেন, প্রাথমিক সুরতহাল তদন্তে আত্মহত্যা বলেই মনে হয়েছে। তারপরও মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

‘জয় বাংলা’স্লোগান দেওয়ায় গ্রেফতার, এর আগেই আমার মৃত্যু হওয়া ভালো ছিল: কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
‘জয় বাংলা’স্লোগান দেওয়ায় গ্রেফতার, এর আগেই আমার মৃত্যু হওয়া ভালো ছিল: কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘জাতীয় স্মৃতিসৌধে “জয় বাংলা” স্লোগান দেওয়ায় গ্রেফতারবরণ করতে হয়। এর আগেই আমার মৃত্যু হওয়া ভালো ছিল। কারণ “জয় বাংলা” স্লোগান কারও দলের নয়।’

আজ শুক্রবার (২৮ মার্চ) বিকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কাদের সিদ্দিকী বলেন, ‘আমাদের অনেকের ভুলত্রুটি নিশ্চয়ই আছে, কিন্তু স্বাধীনতার কোনও ভুলত্রুটি নেই। জয় বাংলার কোনও ভুলত্রুটি নেই। স্বাধীনতার নেতা বঙ্গবন্ধুর কোনও ভুলত্রুটি নেই। বঙ্গবন্ধুকে অস্বীকার করলে, জিয়াউর রহমানকে অস্বীকার করলে এবং আমাকে অস্বীকার করলে স্বাধীনতাই বেহাত হবে।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতির ইফতার মাহফিলে আমাকে সম্মানিত করা হয়েছে। রাষ্ট্রপতি নিজে এসে আমাকে তার টেবিলে নিয়ে বসিয়েছিলেন। আমি এজন্য তাদের ধন্যবাদ জানাই। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ বিচারক আর কেউ নেই, আমি এটা বিশ্বাস করে এ পর্যন্ত এসেছি। বাকি সময়ও বিশ্বাস করেই যাবো। সম্মান দেওয়া আর সম্মান নেওয়ার মালিক আল্লাহ।’

কাদের সিদ্দিকী স্বাধীনতা যুদ্ধের কথা স্মরণ করে বলেন, অনেকের সঙ্গে আমার মেলে না। এই দেশে স্বাধীনতা যুদ্ধে আমাদের সবার অবদান আছে, রক্ত আছে, ঘাম আছে।

বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আল মনছুর, দলের সখীপুর উপজেলা সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সজীব, বাসাইল উপজেলা সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান প্রমুখ। 

সখীপুরে পল্লি চিকিৎসকের চেম্বারে এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ
সখীপুরে পল্লি চিকিৎসকের চেম্বারে এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগ
টাঙ্গাইলের সখীপুরে পল্লি চিকিৎসকের চেম্বারে এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।অভিযুক্ত চিকিৎসক মঞ্জুরুল ইসলাম মজনু (৫১) উপজেলার মহানন্দপুর গ্রামের আজহার আলীর ছেলে এবং ওই বাজারের মাহমুদা ফার্মেসীর স্বত্বাধিকারী।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সোমবার (২৪ মার্চ) রাতে সখীপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত রবিবার (২৩ মার্চ) ইফতারের পর ওই গৃহবধূ (৪২) শারীরিকভাবে অসুস্থ হলে চিকিৎসক মজনু মিয়ার চেম্বারে আসেন। ওই চিকিৎসক তারাবি নামাজের পর তাকে চিকিৎসা দিবেন বলে চেম্বারে বসতে বলেন।

গৃহবধূ জানায়, তারাবি নামাজ একটু সময় লাগলেও ওই চিকিৎসক খুব দ্রুত নামাজ শেষ করে চলে আসে। দোকানে এসে সার্টার নামিয়ে স্যালাইন পুশ করার নামে মুখ চেপে ধরে আমাকে ধর্ষণ করে।

দুই সন্তানের জননী ওই গৃহবধূ আরও বলেন, ঘটনার পর অভিযুক্ত ওই চিকিৎসক আমাকে নানাভাবে ভয়ভীতি দেখায়। আমি শারীরিক ভাবে অসুস্থ হলে পরিবারের কাছে বিষয়টি জানাই। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

অন্যদিকে, অভিযুক্ত চিকিৎসকের পরিবারের দাবি, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।